শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্রবাসীদের পাঠানো ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যে প্রবাস ও দেশের ভেতরে পোস্টাল ভোটে অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র উঠে এসেছে।

৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ অপরাহ্ণ 

প্রবাসীদের পাঠানো ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এদের মধ্যে ৪ লাখ ৪৯ হাজার ৬ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন। এদিকে বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।