শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে একটি গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় রয়েছে এবং এই প্রত্যাশার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।

২৯ জানুয়ারী ২০২৬, ৩:১০ অপরাহ্ণ 

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের কখনোই মেনে নেবে না। দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপেক্ষা করছে এবং এই প্রত্যাশা নস্যাৎ করার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটি দেখার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, তবে কোনোভাবেই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে এবং মিটিং-মিছিল করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যে পরিকল্পনার কথা বলছে, কেউ কেউ সেটিকে অবাস্তব বলে আখ্যা দিচ্ছে। অথচ বিএনপির রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিএনপি জানে কীভাবে জনগণের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়। এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা নিয়েই দল এগিয়ে যাচ্ছে।

জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামি হয়ে যায় না। তাহলে তো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত। এ ধরনের ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।