বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ৭,৩৪৮ টাকা


দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২৮ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ 

দেশের বাজারে স্বর্ণের নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ৭,৩৪৮ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটি জানায়, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে। এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়, যা তখন পর্যন্ত ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার- যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।