শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিএনপি কখনো আপোস করেনি, ভবিষ্যতেও করবে না


বিএনপি কখনো কারো সঙ্গে আপোস করেনি এবং ভবিষ্যতেও করবে না-এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে চট্টগ্রামে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

২৪ জানুয়ারী ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ 

বিএনপি কখনো আপোস করেনি, ভবিষ্যতেও করবে না
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি কখনো কারো সঙ্গে আপোস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে চট্টগ্রামে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এদিন সকালে তিনি ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন। এরপর আগ্রাবাদ রেডিও অফিস, ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির অবস্থান দেশের মানুষের কাছে পরিষ্কার। বিএনপি কখনো আপোসের রাজনীতি করেনি। সারা দেশে নারী-পুরুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। বিএনপির মূল স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের আস্থার মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করতেই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।

এদিকে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ভাটিয়ারীও শনিবার সদর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ভাটিয়ারী-সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তার ঋণ শোধ করা সম্ভব নয়।

মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, সুখে-দুঃখে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার সন্তান হিসেবে এখানকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত রয়েছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে কোনো জটিলতা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।