বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ: সরকারের সিদ্ধান্তে অনড় বিসিবি


বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সময়সীমা শেষে সরকার ও বিসিবির যৌথ সিদ্ধান্তে জানানো হয়েছে- নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিবি।

২২ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ 

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ: সরকারের সিদ্ধান্তে অনড় বিসিবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা অনড় অবস্থানে রয়েছেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো অনুমানের ওপর ভিত্তি করে নয়; বরং বাস্তব একটি ঘটনার ফল।’  তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের চাপের মুখে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছিল। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড কার্যত সরকারের একটি বর্ধিত অংশ, তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি। সে ক্ষেত্রে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য আশ্বাস আমরা আইসিসি বা ভারত সরকার -কারও কাছ থেকেই পাইনি।’

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনো শ্রীলঙ্কাতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় এবং এই দাবিতে আইসিসির সঙ্গে লড়াই চালিয়ে যাবে।

বিসিবি সভাপতি বলেন, ‘গতকাল আইসিসির সভায় আমাকে সরকারের সঙ্গে আলোচনার জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল। সেই আলোচনার পর আজ আমরা চূড়ান্তভাবে জানিয়ে দিলাম-  ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।’ সরকার ও বিসিবির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলেও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না-এ কথাই স্পষ্ট করে দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।