বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তে আইসিসির আল্টিমেটাম


নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে- এ সিদ্ধান্তে অনড় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

২১ জানুয়ারী ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ 

ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তে আইসিসির আল্টিমেটাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগের সূচি অনুযায়ী ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় স্পষ্ট জানানো হয়, সূচি বা ভেন্যুতে কোনো পরিবর্তন করা হবে না।

আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দল ভারতে না গেলে বিকল্প হিসেবে অন্য দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

বোর্ড সভায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার পক্ষে অবস্থান নেন এবং ম্যাচের ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের দাবি তোলেন। তবে আইসিসি সূচি পরিবর্তনের জটিলতা তুলে ধরে বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয়।

বাংলাদেশের দাবির বিষয়ে শেষ পর্যন্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের মধ্যে কেবল পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাকি সদস্যদের বিপক্ষে ভোটে বাংলাদেশের ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের প্রস্তাব বাতিল হয়। বিসিবি গ্রুপ পরিবর্তনেরও প্রস্তাব দিয়েছিল- বাংলাদেশকে বি গ্রুপে এবং আয়ারল্যান্ডকে সি গ্রুপে নেওয়ার কথা বলা হয়। তবে আইসিসি শুরু থেকেই এ প্রস্তাবে সম্মতি দেয়নি, পাশাপাশি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও এতে রাজি হয়নি।

ভার্চুয়াল সভায় আইসিসির সভাপতি জয় শাহ, সিইও সংযোগ গুপ্তসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইসিসির হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসারও বৈঠকে অংশ নেন।

আইসিসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত না জানালে আইসিসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।