জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ জানুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
রমজানের আগেই দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান, রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনপূর্ব সময় এবং রমজান মাসে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়—এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, সরকার ও অপারেটরদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এলপিজির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোক্তাদের কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।
অপারেটরদের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে অতিরিক্ত মূল্য বৃদ্ধির যে অভিযোগ উঠেছে, তা তারা অস্বীকার করেন।
এলপিজি অপারেটররা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে বর্তমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতামত দেন।