বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দেশবিরোধী শক্তি সক্রিয়: মির্জা আব্বাস


আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১২ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ 

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দেশবিরোধী শক্তি সক্রিয়: মির্জা আব্বাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যে একটি দেশবিরোধী শক্তি নানামুখী অপচেষ্টা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে খুন, সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। জনগণের পালস বুঝতে পেরেই তারা জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে দেশকে অস্থিতিশীল করার পথে হাঁটছে।

তিনি আরও বলেন, এসব অপশক্তি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয় করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, আজ আমরা যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি- সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছেন।

এ সময় বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিছু বললেই তা টুইস্ট করে উপস্থাপন করা হয়। তিনি ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন শুধু তার এলাকাতেই নির্বাচন হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু লাইক ও শেয়ার দিয়ে থেমে না থেকে যুক্তি ও তথ্য দিয়ে অপপ্রচারের জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।