বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ জানুয়ারী ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ণ
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক কাঠ ব্যবসায়ী ও তার স্ত্রীকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আহতরা হলেন বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ২ নম্বর পশ্চিম সৈয়দকাঠী গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলী বেপারীর ছেলে কাঠ ব্যবসায়ী মাসুম বিল্লাহ (৪৫) এবং তার স্ত্রী কুলসুম বেগম (৩৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক এবং প্রয়োজনে যে কোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।
আহত মাসুম বিল্লাহ জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার পরিবারের সঙ্গে একই এলাকার শামসুল হক আকনের ছেলে মাহমুদ আকন গংদের বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা জোরপূর্বক তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা হলে রায় মাসুম বিল্লাহর পক্ষে আসে। কিন্তু আদালতের রায় অমান্য করে প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে জমি দখলে মরিয়া হয়ে ওঠে।
ঘটনার দিন বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুম বিল্লাহ ও তার স্ত্রী হারতা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে রায়ের বাজার এলাকায় তাদের পথরোধ করে প্রতিপক্ষ মানিক বেপারি ও তার সহযোগীরা। একপর্যায়ে মাহমুদ আকনের নির্দেশে মানিক বেপারি, ফিরোজ, শফিক, জহির, মুবিন, বাবু সহ একদল সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহ ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।
দুর্বৃত্তদের হামলায় মাসুম বিল্লাহর মাথা ও পা এবং তার স্ত্রী কুলসুম বেগমের কপাল ও পায়ে গুরুতর জখম হয়। হামলার ফলে স্বামী-স্ত্রী দু’জনেরই দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।