শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি, অবস্থা স্থিতিশীল


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষায় তার শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

১৬ ডিসেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি, অবস্থা স্থিতিশীল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থায় সাময়িকভাবে কিছুটা অবনতি লক্ষ্য করা গেলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

সংগঠনটি ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে জানায়, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় ওই অস্ত্রোপচার করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করবেন।এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

হামলার পর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রধান সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেলচালক আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়েছে। তবে এখনো মূল সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।