সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

একই সঙ্গে তিনটির বেশি আসনে প্রার্থীতা নিষিদ্ধ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির পরিপত্র


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না- এ মর্মে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে লাভজনক পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ ছাড়া প্রার্থীতা অযোগ্য ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ ডিসেম্বর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ 

একই সঙ্গে তিনটির বেশি আসনে প্রার্থীতা নিষিদ্ধ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির পরিপত্র
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’–এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক আসনে প্রার্থী হলে তার সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র কিংবা সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সার্বক্ষণিক পদধারীদের ‘লাভজনক পদে থাকা’ হিসেবে বিবেচনা করা হবে এবং তারা পদত্যাগ ছাড়া নির্বাচন করতে পারবেন না।

এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে-

উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র

বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত দপ্তর/প্রতিষ্ঠান/কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিবর্গ

পরিপত্রে বলা হয়, প্রার্থী হতে হলে এসব পদে থাকা ব্যক্তিদের নিয়ম অনুযায়ী পূর্বেই পদত্যাগ করতে হবে।

এ ছাড়া প্রার্থীদের নির্বাচন ব্যয় ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৪৪খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে- এজেন্ট না থাকলে প্রার্থীকে নিজ উদ্যোগে- একটি তফসিলি ব্যাংকে পৃথক নির্বাচন ব্যয় অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ছাড়া সমস্ত নির্বাচন-সংক্রান্ত ব্যয় এই অ্যাকাউন্ট থেকেই পরিশোধ করতে হবে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়-

ফরম-২০: নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী

ফরম-২১: প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী

এ দুইটি ফরম জমা দেওয়া অবশ্যক করা হয়েছে।

ইসির এই নতুন পরিপত্র নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি প্রার্থীতা নিয়ে পূর্বের বিতর্কগুলোর অবসান ঘটাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।