ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৪ ডিসেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত করায় তাকে অপসারণের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি বাহারুল আলমকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমসহ মোট ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনে ব্যর্থতা ছাড়াও তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় ছিলেন।
সংবেদনশীল প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই প্রশাসনে ব্যাপক আলোচনা চলছে। একজন বর্তমান আইজিপির নাম প্রকাশিত হওয়ায় তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে সরকারী মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। প্রতিবেদনের নেতিবাচক মন্তব্যের পর তাকে পদে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।