শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ 

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক আদেশে ট্রাইব্যুনালের বিচারকরা এই পরোয়ানা জারি করেন।

একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলক, আনিসুল হক এবং সালমান এফ রহমান আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা। অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের চূড়ান্ত সময়ে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়, আর এই পরিকল্পনার শীর্ষে ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক তদন্তকারীদের জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনের কাছে গণহত্যার তথ্য গোপন রাখতেই ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছিল।

‘রামপুরায় ২৮ জনকে হত্যা’ মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করার পরদিন এই মামলাতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।