শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

তফসিলের আগেই পদ ছাড়ছেন দুই উপদেষ্টা


আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য–প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক অঙ্গনে জল্পনা বাড়িয়েছে তাঁদের নির্বাচনমুখী প্রস্তুতি।

২৯ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ 

তফসিলের আগেই পদ ছাড়ছেন দুই উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। আর তফসিল ঘোষণার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তবে তাঁদের নির্দিষ্ট পদত্যাগের তারিখ এখনো ঠিক হয়নি।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তাঁরা পদ ছাড়তে যাচ্ছেন। আগামী ৪ বা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম, আর তাঁর দুই দিন আগে বা পরে পদত্যাগের সম্ভাবনা রয়েছে আসিফ মাহমুদের।

গত ৯ নভেম্বর নিজ জেলা কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন আসিফ মাহমুদ। সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব।” কোথা থেকে নির্বাচন করবেন, তা এখনো চূড়ান্ত না হলেও তিনি ঢাকাতেই প্রার্থী হতে আগ্রহী।

বিএনপি বা গণঅধিকারে যোগদানের জল্পনা

আসিফ মাহমুদের ভবিষ্যৎ রাজনৈতিক ঠিকানা নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি নিজে বলেছেন, তাঁর পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। তবে এনসিপির সঙ্গে তাঁর সাম্প্রতিক দূরত্ব এবং ছাত্রশক্তিকে ঘিরে বিরোধের কারণে বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে।

ঘনিষ্ঠ সূত্র বলছে, তরুণ রাজনীতির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সেতুবন্ধন করতে চেয়েছিলেন আসিফ মাহমুদ। কিন্তু সেই উদ্যোগ ব্যাহত হওয়ায় বিরোধ তীব্র হয়। এরপর থেকে তিনি এনসিপির সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।

সম্প্রতি বিএনপি ও গণঅধিকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, ফলে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“স্থায়ী কমিটির বৈঠকে এ রকম কোনো আলোচনা হয়নি। নিজেও কিছু জানি না।”

অন্যদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,
“আসিফ আমাদের রাজপথের সহযোদ্ধা। আলোচনা আছে। তিনি এলে আমরা তাঁকে মূল্যায়ন করব।”

মাহফুজ আলম যাচ্ছেন এনসিপিতেই

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতেই (এনসিপি) যোগ দেবেন বলে দলীয় ও ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
দলে যোগ দিলে এনসিপির গুরুত্বপূর্ণ পদে তাঁকে দেখা যেতে পারে। এমনকি উপদেষ্টা হিসেবেও অন্তর্ভুক্ত হতে পারেন তিনি।

দুই উপদেষ্টার পদত্যাগ ও সম্ভাব্য দলবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা ও জল্পনা তীব্র হয়েছে—তফসিল ঘোষণার আগেই যা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে।