সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশ–ভারত এনএসএ বৈঠক: অজিত দোভালকে ঢাকায় সফরের আমন্ত্রণ


নয়াদিল্লিতে বাংলাদেশের এনএসএ ড. খলিলুর রহমান ও ভারতের এনএসএ অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিএসসি কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। সিএসসি-র মূল সম্মেলন বৃহস্পতিবার হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।

১৯ নভেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ 

নয়াদিল্লিতে বাংলাদেশ–ভারত এনএসএ বৈঠক: অজিত দোভালকে ঢাকায় সফরের আমন্ত্রণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রমসহ দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান ভারতের এনএসএ অজিত দোভালকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক মতবিনিময় করেন।

মূলত সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। সফরের অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্র জানায়, সিএসসি জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের মূল সম্মেলনটি বৃহস্পতিবার দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত সম্মেলন চলবে। সম্মেলন শেষে একই দিন বিকেলেই ড. খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।