শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

৬৫ হাজার স্কুলে পাঠ বন্ধ-দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি


দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

৯ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ণ 

৬৫ হাজার স্কুলে পাঠ বন্ধ-দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন।

তিনি জানান, “দশম গ্রেডে বেতন কাঠামোসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হবে না। পাশাপাশি শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে।”

এর আগে শাহবাগে শিক্ষকদের ‘কলম বিরতি’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। শামসুদ্দিন মাসুদ বলেন, “হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।”

প্রত্যক্ষদর্শীদের মতে, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।