শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার


ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলেের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার ভালুকা মডেল থানার (ওসি) মো: হুমায়ুন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৩), এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. আনসার আলীর ছেলে মো. ফারুক মিয়া (২১)।

পুলিশ জানায়, ভালুকা মডেল থানা পুলিশের একটি দল রাতে স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হাজীবাড়ি মোড় এলাকায় একদল ডাকাত একটি পিকআপে করে সমবেত হয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।  

এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ (রেজি নং- দিনাজপুর-ন-১১-০২৫২), একটি ধারালো দা, একটি করাত, একটি কাটার, একটি লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, একটি হেস্কো ব্লেড, একটি লোহার লিবার এবং একটি গ্রিন্ডিং মেশিন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মালামাল লুট করে আসছিল।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।