সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
রেকর্ড হাতছানি •

প্রথম চার টেস্টেই ৫৩৮ রান, সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার হাতছানি হৃদয়ের


প্রথম চার টেস্টে ৫৩৮ রান করে রেকর্ডের দ্বারপ্রান্তে তাওহীদ হৃদয়। সিলেটে ডাবল সেঞ্চুরি ও জোহানেসবার্গে শতকের পর এবার সেঞ্চুরিয়নে নতুন ইতিহাসের সুযোগ তার সামনে। প্রথম পাঁচ টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে সুনীল গাভাস্কারের চেয়ে এগিয়ে যেতে প্রয়োজন আরও ২৯৪ রান।

২৩ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ 

প্রথম চার টেস্টেই ৫৩৮ রান, সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার হাতছানি হৃদয়ের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা বেশ জোরেশোরেই দিয়েছেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই ব্যাট হাতে ৫৩৮ রান করে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন রেকর্ডের আলোচনায়। সিলেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর জোহানেসবার্গে শতক তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার। এবার সেঞ্চুরিয়নে আরও একটি বড় ইনিংস খেলতে পারলে অপেক্ষা করছে নতুন ইতিহাস গড়ার সুযোগ।

টেস্ট ক্যারিয়ারের প্রথম চার ম্যাচে হৃদয়ের চেয়ে বেশি রান করার কীর্তি রয়েছে মাত্র ছয়জন ব্যাটারের। এই তালিকার শীর্ষে ভারতের সুনীল গাভাস্কার, যার সংগ্রহ ৭৭৪ রান। এরপর রয়েছেন জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)। ৫৩৮ রান নিয়ে সাত নম্বরে অবস্থান করছেন হৃদয়।

সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে আরও ৭০ রান যোগ করতে পারলেই প্রথম পাঁচ টেস্টের রানসংখ্যার হিসাবে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার। অন্যদিকে, কামিন্দু মেন্ডিস, হ্যারি ব্রুক ও ডেভন কনওয়ের মতো সমসাময়িক ব্যাটারদের ছাড়িয়ে যেতে প্রয়োজন ৯৪ রান। জর্জ হেডলিকে টপকাতে করতে হবে ১৭৬ রান।

তবে হৃদয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাভাস্কারের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিতে হলে সেঞ্চুরিয়নে তাকে করতে হবে আরও ২৯৪ রান। দুই ইনিংসে এমন রান তোলা নিঃসন্দেহে কঠিন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা নতুন করে আশার সঞ্চার করেছে।

অবশ্য হৃদয়ের টেস্টযাত্রা শুরু হয়েছিল কিছুটা হতাশা দিয়ে। অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার সংগ্রহ ছিল ৩ ও ৯ রান। এরপর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে করেন ৪২ ও শূন্য। প্রথম চার ইনিংসে মাত্র ৫৪ রান আসায় তার টেস্ট খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

তবে মুমিনুল হকের চোটে পাওয়া সুযোগটিই বদলে দেয় হৃদয়ের ক্যারিয়ারের চিত্র। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন তিনি। ১১টি ছক্কা ও দুর্দান্ত ব্যাটিংয়ে অপরাজিত ২৪২ রান করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হন। একই সঙ্গে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েন। মাত্র একটি ছক্কার জন্য বিশ্ব রেকর্ড স্পর্শ করা হয়নি তার।

সিলেটের সেই অসাধারণ ইনিংসের রেশ কাটতে না কাটতেই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি দুর্দান্ত শতক উপহার দেন হৃদয়। রাবাদা ও ইয়ানসেনের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষেও তার আত্মবিশ্বাসী ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

চার টেস্টে ৫৩৮ রান, একটি ডাবল সেঞ্চুরি ও একটি শতক পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা বদলে গেছে হৃদয়ের টেস্ট ক্যারিয়ার। এবার সেঞ্চুরিয়নে পঞ্চম টেস্টে মাঠে নামার আগে তার সামনে হাতছানি একাধিক রেকর্ডের। নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের এই ব্যাটারের নাম আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ে।