ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বন্দিজীবন, কারাগারে রয়েছেন যারা
২৩ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন তিনি।
আবেদনে সানায়ার পক্ষ থেকে উল্লেখ করা হয়, মামলার নির্ধারিত তারিখ সম্পর্কে অবগত থাকার পরও আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। এমনকি মামলার বিষয়ে নোটিশ পাওয়ার পরও তার অনুপস্থিতি আদালতের প্রতি অবমাননাকর আচরণ। পাশাপাশি মামলা দায়েরের পরও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন বাদী। এসব কারণে তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা প্রয়োজন বলে আবেদনে দাবি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। মামলার নোটিশও গ্রহণ করেছিলেন তিনি। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন সানায়া চৌধুরী।
এর আগে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া। তার অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে পরার কথা বলে তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। কিন্তু পরবর্তী সময়ে সেটি আর ফেরত দেওয়া হয়নি।
মামলাটির তদন্ত শেষে গত ২৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তবে ওই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন করেন সানায়া।
গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সানায়ার নারাজি আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
এর পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন সানায়া। তার দাবি, আগের মামলার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিয়েছেন। এমনকি পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সানায়ার ভাষ্য, এসব ঘটনার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তিনি। পরে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন এই নারী উদ্যোক্তা।
তবে তানজিন তিশার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।