বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ইয়ামালের প্রতিশ্রুতি •

দুই কিশোরকে হেডফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন ইয়ামাল


চোটের কারণে মাঠের বাইরে থাকা বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল দুই কিশোরকে হেডফোন উপহার দিয়ে আলোচনায় এসেছেন। রেস্তোরাঁর খোঁজ দেওয়ায় তাদের উপহার দেন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে ডান হাঁটুর চোটের চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

১১ নভেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ 

দুই কিশোরকে হেডফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন ইয়ামাল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চোটের কারণে স্পেনের হয়ে নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলা হচ্ছে না লামিনে ইয়ামালের। মাঠের বাইরে অবসর সময় কাটালেও এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন বার্সেলোনার এই তরুণ তারকা। রাস্তায় দুই কিশোরকে হেডফোন উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে যাওয়ার সময় দুই কিশোরকে দেখে গাড়ি থামান ইয়ামাল। এরপর তাদের কাছে একটি রেস্তোরাঁর অবস্থান জানতে চান। কিশোর দুজন প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর নিজের কাছে থাকা দুটি আলাদা প্যাকেট থেকে তাদের হাতে তুলে দেন হেডফোন।

উপহার দেওয়ার সময় কিশোরদের উদ্দেশে ইয়ামাল বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বিনিময়ে তাদের জন্য এই হেডফোন উপহার হিসেবে রেখেছেন তিনি। প্রিয় ফুটবল তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে দুই কিশোর। পরে ইয়ামালের সঙ্গে সেলফিও তোলে তারা।

এই উপহারের ঘটনা নতুন করে সামনে এনেছে ইয়ামালের একটি পুরোনো প্রতিশ্রুতিও। স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার দুই কিশোরকে হেডফোন দেওয়ার ঘটনা সেই প্রতিশ্রুতির কথাই মনে করিয়ে দিয়েছে।

এদিকে মাঠের বাইরের এই আনন্দঘন মুহূর্তের বিপরীতে চোটের কারণে আপাতত ফুটবল থেকে দূরে থাকতে হচ্ছে ইয়ামালকে। গত ৯ নভেম্বর লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচে গোল করতে না পারলেও সতীর্থের গোলের পেছনে অবদান রাখেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তবে খেলার সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপরও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

ম্যাচ শেষে চিকিৎসকদের পরীক্ষায় ইয়ামালের ডান হাঁটুতে চোট ধরা পড়ে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আপাতত বার্সেলোনায় থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। তবে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পেন জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

সব মিলিয়ে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও মানবিক আচরণ ও উদারতায় নতুন করে ভক্তদের মন জয় করেছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন।