বিশ্বজয়ী মেসি • মেসির মুকুটে নতুন পালক, হাতে উঠল "প্রিন্সেস অব আস্তুরিয়াস" সম্মাননা
২৭ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে বিরোধের জেরে করা আগের মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। এ ঘটনায় আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত তানজিন তিশাকে নির্ধারিত তারিখে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া। দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা ওই মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে অভিনেত্রী তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর মুঠোফোনে কথা বলার সময় তানজিন তিশা তাকে হুমকি দিয়ে বলেন, আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না। এ ছাড়া ডিবি পুলিশকে নিয়ে বসার কথাও অভিনেত্রী বলেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, আগের মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেওয়া হলে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তিনি।
এদিকে নতুন মামলা ও শাড়িকাণ্ড নিয়ে চলমান আলোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন তানজিন তিশা। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন। অভিনেত্রীর দাবি, পরিকল্পিতভাবে তার দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
স্ট্যাটাসে তিশা অভিযোগ করেন, একটি বক্তব্যের রেকর্ড থেকে সুবিধামতো অংশ কেটে তার মূল বক্তব্যের অর্থ বদলে দেওয়া হয়েছে। পরে সেই বক্তব্যের ভিত্তিতে ভিন্ন একটি গল্প তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সম্মানহানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নিজের কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে অভিনেত্রী প্রশ্ন তোলেন, এসব ঘটনার সত্যতা যাচাই এবং ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব কার। তার ভাষ্য, অভিযোগ উঠলেই কাউকে দোষী ধরে নেওয়া উচিত নয়, বরং তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা সামনে আনা প্রয়োজন।
তানজিন তিশার বিরুদ্ধে আনা নতুন মামলার অভিযোগ এবং হুমকি দেওয়ার বিষয়গুলো এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। আদালতের পরবর্তী কার্যক্রমে এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।