গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৬ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ফুটবল মাঠে শাস্তির মুখে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও চলছে নানা আলোচনা। একদিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদ এবং তাঁর সাবেক স্বামীর সঙ্গে পুনরায় সম্পর্ক জড়ানোর গুঞ্জন সব মিলিয়ে আলোচনায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কের বিচ্ছেদের খবর আগেই সামনে এসেছে। এবার আলোচনায় এসেছে ভার্জিনিয়ার সাবেক স্বামী জে ফেলিপের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। তিন সন্তানের বাবা জে ফেলিপের সঙ্গে ভার্জিনিয়া আবারও সম্পর্কে জড়িয়েছেন এবং তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে ভার্জিনিয়া ও জে ফেলিপকে। পরে একই উড়োজাহাজে তাঁদের ভ্রমণের ছবিও সামনে আসে। এসব ঘটনা ঘিরে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সিএনএন ব্রাজিল ও ইউওএলের প্রতিবেদনে তাঁদের সম্পর্কের নতুন সমীকরণ এবং সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উঠে এসেছে। তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
এদিকে মাঠের পারফরম্যান্সের বাইরেও শৃঙ্খলাজনিত কারণে বিপাকে পড়েছেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টেনে ধরার ঘটনায় লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনার পর লা লিগা কর্তৃপক্ষ তাঁকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে সময়টা খুব একটা স্বস্তির যাচ্ছে না রিয়াল মাদ্রিদের এই তারকার। মাঠে নিষেধাজ্ঞা আর ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন দুই দিক থেকেই এখন আলোচনার কেন্দ্রে ভিনিসিয়ুস জুনিয়র।