সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আইজিপির বার্তা •

ক্রসফায়ার প্রসঙ্গে মুখ খুললেন আইজিপি, বললেন সরকারের অনুমতির কথা


আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করার কথাও বলেন তিনি। পুলিশকে কাজের পরিবেশ ও প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ 

ক্রসফায়ার প্রসঙ্গে মুখ খুললেন আইজিপি, বললেন সরকারের অনুমতির কথা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানিয়ে ক্রসফায়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডে অবস্থিত শাহজাহান ইমাম টাওয়ারে "কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম" এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইজিপি।

আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কে আসবেন কিংবা কোনো রাজনৈতিক নেতা কবে দেশে ফিরবেন, তা পুলিশের বিবেচ্য বিষয় নয়। আইনশৃঙ্খলা রক্ষা করাই বাহিনীর দায়িত্ব।

পুলিশের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আলী হোসেন ফকির। তাঁর ভাষ্য, পুলিশ কঠোর ব্যবস্থা নিলে এক ধরনের সমালোচনা হয়, আবার নীরব থাকলেও বাহিনীকে দুর্বল বলা হয়। এ অবস্থায় কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশকে প্রয়োজনীয় ক্ষমতা ও কাজের পরিবেশ দিতে হবে।

আইজিপি বলেন, মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর দায়িত্ব রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় পুলিশকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে চাপের মুখে না ফেলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কাউকে ব্ল্যাকমেইল না করা এবং নিজেরাও ব্ল্যাকমেইলের শিকার না হওয়ার বিষয়ে সতর্ক করেন।

সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে আইজিপি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সাধারণত শান্তির কথা বললেও বাস্তবে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা যায়। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সাথে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।