বিশেষ বার্তা • মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধা, প্রতিদ্বন্দ্বিতার বাইরে সম্মানের বার্তা
১১ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগে ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল ও এর একটি অংশ, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা এবং ১৪৪ বোতল দেশীয় মদ উদ্ধার করে। এ ছাড়া একটি চাপাতি, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।