বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
রাজধানীতে অভিযান •

ডিএমপির অভিযানে ৫২৮ গ্রেফতার, বিপুল মাদক ও জাল স্ট্যাম্প উদ্ধার


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা হয়েছে। অভিযানে গাঁজা, ইয়াবা, হেরোইন, জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ভেজাল ওষুধ-প্রসাধনীসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০২ জন গ্রেফতার হয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে ৫২৮ গ্রেফতার, বিপুল মাদক ও জাল স্ট্যাম্প উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে আটক হয়েছেন ১০২ জন। এছাড়া রমনা বিভাগে ৩৩, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়। এর বাইরে গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার তালিকায় রয়েছে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন। এছাড়া দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ সময় বিপুল পরিমাণ জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প। অভিযানে নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকাও জব্দ করা হয়েছে।

ডিএমপির অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু এবং ৫ কেজি সাদা পাউডার রয়েছে। পাশাপাশি ১৫০টি হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুলে ওষুধ ভরার মেশিন ও ছয়টি যন্ত্রাংশ জব্দ করা হয়। লেবেল লাগানোর দুটি "সাচ" ও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।