রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
৭ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদক ও অস্ত্রসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১১৪ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন এবং লালবাগ বিভাগে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে উত্তরা বিভাগ থেকে ৪২ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, রমনা বিভাগ থেকে ২১ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশের হাতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া চারটি ছুরি ও একটি স্টিলের কাটারও জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, নগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব গ্রেফতার ও মামলা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতের বিষয়েও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।