মাতৃত্বের মায়া • মাতৃত্বের মায়ায় ধরা দিলেন পরীমণি
৪ অক্টোবর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ জাহিদ হাসান। নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। আজ ৪ অক্টোবর তাঁর জন্মদিন। তবে বিশেষ এই দিনটিতেও আনন্দের চেয়ে পৃথিবীর অস্থিরতা ও প্রিয়জনদের দূরে থাকার বিষয়টি বেশি ভাবাচ্ছে তাকে।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে জাহিদ হাসান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের জন্য বড় কোনো চাওয়া থাকে না। বরং চারপাশের মানুষ ভালো থাকুক এটাই তাঁর প্রধান প্রত্যাশা। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত ও অশান্তি তাঁকে ব্যথিত করে। বিশেষ করে গাজায় মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি জানান, এসব ঘটনা তাঁর মন খারাপ করে দেয়।
জাহিদ হাসানের ভাষ্য, শুধু নিজের ভালো থাকা দিয়ে আসলে সুখী হওয়া যায় না। পরিবার, সমাজ ও দেশের মানুষ সবাই ভালো থাকলেই সেই আনন্দ পূর্ণতা পায়। আগামী দিনগুলোতে সুস্থ থাকা, ভালো কাজ করার সুযোগ পাওয়া এবং মানুষের পাশে দাঁড়াতে পারার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি।
এবার জন্মদিন উদযাপনেও নেই বিশেষ কোনো আয়োজন। অভিনেতা জানান, তাঁর মেয়ে দেশের বাইরে থাকায় এবার আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করছেন না। মেয়েকে ভীষণ মিস করছেন তিনি। তাই দিনের বেশির ভাগ সময় বাসাতেই কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
বর্তমানে অভিনয়ের কাজ নিয়েও কিছুটা হতাশ জাহিদ হাসান। অনেকের সঙ্গে যোগাযোগ ও আলোচনা হলেও পছন্দসই কোনো কাজের প্রস্তাব না পাওয়ায় আপাতত নতুন কোনো কাজে যুক্ত হতে পারেননি তিনি।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জাহিদ হাসান। "লাল নীল বেগুনী","টোটো কোম্পানি","ঘুঘুর বাসা","চোর কুটুরি","একা" ও "ছন্নছাড়া"র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করেছেন তিনি। এছাড়া নাটক ও টেলিছবি নির্মাণেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ।
স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল জাহিদ হাসানের। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের চর্চা শুরু করে ১৯৮৪ সালে টেলিভিশনে এবং ১৯৮৬ সালে "বলবান" চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। নব্বইয়ের দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে।
চলচ্চিত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। "শ্রাবণ মেঘের দিন", "মেড ইন বাংলাদেশ" ও "প্রজাপতি"র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া "উৎসব" সিনেমাতেও তাঁর অভিনয় দর্শক সমালোচকদের নজর কেড়েছে।
ব্যক্তিজীবনে অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেছেন জাহিদ হাসান। দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার। অভিনয় ও নির্মাণের পাশাপাশি তাঁর রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান "পুষ্পিতা প্রডাকশন লিমিটেড"।
জন্মদিনে নিজের জন্য বড় কোনো আয়োজন না থাকলেও জাহিদ হাসানের প্রত্যাশা একটাই দেশের মানুষসহ পৃথিবীর সবাই শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং একে অন্যের পাশে দাঁড়াক।