নতুন যুগের শুরু • বলিভিয়াকে উড়িয়ে নতুন যুগের সূচনা, নিকো পাজে মুগ্ধ আর্জেন্টিনা
৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৫ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৮৯ জন রয়েছেন।
এ ছাড়া মিরপুর বিভাগে ৮২ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা এবং ১ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।