শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
বিশ্বরেকর্ড •

ক্রিস গেইলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন পিটোরিয়াস


দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে পিটোরিয়াস ৭৯ বলে ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েছেন। ১৩ ছক্কা ও ১৫ চারে সাজানো ইনিংসে তিনি ভেঙেছেন ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড। মাত্র ১২ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে এনে দিয়েছেন বড় জয়।

৩ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ 

ক্রিস গেইলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন পিটোরিয়াস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্যাটিংয়ের প্রতি আলাদা টান রয়েছে লুয়ান-দ্রে পিটোরিয়াসের। অনুশীলনেও তিনি নিজেকে প্রস্তুত করেন একজন বক্সারের মতো মানসিকতা নিয়ে। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে তার সেই আগ্রাসী মানসিকতারই অসাধারণ প্রকাশ ঘটল। নাইটসের বিপক্ষে মাত্র ৭৯ বলে ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটার।

টাইটানসের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পিটোরিয়াস। তার ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটানস। জবাবে নাইটসের ব্যাটিং লাইনআপ খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। ১৪৩ রানে গুটিয়ে যায় তারা। ফলে ১২৪ রানের বড় জয় পায় টাইটানস।

পিটোরিয়াসের ১৮৮ রানের ইনিংসটি ছক্কা ও চারের বৃষ্টিতে সাজানো। ১৩টি ছক্কার পাশাপাশি ১৫টি চার মেরে তিনি ইনিংসটি সাজান। মাত্র ২৪ বলেই অর্ধশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাঁহাতি এই ওপেনার। এরপর আরও ১৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। দেড়শ রানের ঘরে পৌঁছাতে তার প্রয়োজন হয় মাত্র ৫৮ বল।

আর মাত্র ১২ রান করতে পারলেই টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো ব্যাটারের ডাবল সেঞ্চুরি দেখার সুযোগ তৈরি হতো। তবে ১৮৮ রানেই থামতে হয় তাকে। তারপরও তার এই ইনিংস জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশেষ এক রেকর্ডে।

পিটোরিয়াসের আগে পুরুষদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়াস।

শুধু সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডই নয়, বলের হিসাবে দীর্ঘতম ইনিংসের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। ৭৯ বলের ইনিংস খেলে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠেছেন পিটোরিয়াস। ফিঞ্চ ২০১৮ সালে সারের হয়ে সাসেক্সের বিপক্ষে এবং স্টয়নিস ২০২০ সালে মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বল খেলেছিলেন।

পিটোরিয়াসের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে টাইটানসও পেয়েছে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও তাদের দখলে ৩ উইকেটে ২৭১ রান।

২০২৬-২৭ মৌসুমে এটিই ছিল পিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে তার ব্যাটে দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। এর আগে গত মাসে নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যথাক্রমে ৯৪ ও ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়েও ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটও ১৫৪ এর বেশি।

কৈশোর থেকেই ক্রিকেটে নিজের প্রতিভার জানান দেন পিটোরিয়াস। ১৭ বছর বয়সে পেশাদার ক্রিকেটে পা রাখার পর দ্রুতই নজর কাড়েন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর ৯৩ দিন বয়সে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন এই তরুণ।

প্রথম শ্রেণির ক্রিকেটেও তার অভিষেক হয়েছিল শতরানে। ২০২৪ সালের ডিসেম্বরে টাইটানসের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম শ্রেণির অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই ১২০ রান করেছিলেন পিটোরিয়াস। এবার টি-টোয়েন্টিতে ১৮৮ রানের বিশ্বরেকর্ড গড়ে আবারও প্রমাণ করলেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তার আগমন শুধুই সম্ভাবনার গল্প নয় বড় মঞ্চে নিজের নাম লেখানোর পথেও দ্রুত এগিয়ে চলেছেন তিনি।