ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্রসহ চাঁদাবাজিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে এক ব্যক্তি সহায়তা চান। খবর পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে যায়।
পুলিশের তথ্যমতে, ওই ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীর কাছে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে দাবি করে তারা ভয়ভীতি দেখাতে থাকেন। পরে কথিত মামলা থেকে রেহাই বা বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।
পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে ফ্ল্যাটের মালিক তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন বলে পুলিশ জানিয়েছে। তবে পরবর্তীতে ওই ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রটি নিয়ে সন্দেহ তৈরি হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদা আদায়ের কথা স্বীকার করেন।
পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি এবং এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।