হলিউডের নক্ষত্রপতন • "দ্য স্টিং" ও "স্টার ট্রেক" খ্যাত জেমস স্লোয়ান আর নেই।
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
ভিসার অনুমোদিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস। বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এবং তার ক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস জানায়, কোনো ব্যক্তি যদি তাকে অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে সেটি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ছাড়া ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়- এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
এমনকি এসব ক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত, অবস্থানের অনুমোদিত সময়সীমা এবং ভিসার ধরন অনুযায়ী প্রযোজ্য বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের।