শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় ১৫ দিনে তিন বড় কনসার্ট, মঞ্চে কাবিশ-আসিম আজহার ও দেশের জনপ্রিয় ব্যান্ড


সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু- মাত্র ১৫ দিনের ব্যবধানে ঢাকায় বসতে যাচ্ছে তিনটি বড় গানের আসর। এসব আয়োজনে পাকিস্তানের কাবিশ ও আসিম আজহারের পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল। এরই মধ্যে কনসার্টগুলো ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ 

ঢাকায় ১৫ দিনে তিন বড় কনসার্ট, মঞ্চে কাবিশ-আসিম আজহার ও দেশের জনপ্রিয় ব্যান্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে টানা তিনটি বড় কনসার্ট। দেশি-বিদেশি শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এসব অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের পরিচিত কয়েকটি ব্যান্ড।

প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে। ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ শিরোনামের এই কনসার্টে অংশ নেবে মোট ১০টি ব্যান্ড। এতে গান করবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ আরও কয়েকটি ব্যান্ড।

কনসার্টটি শুরু হবে দুপুর সাড়ে ২টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।

এরপর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এই আয়োজনে ঢাকার মঞ্চে পারফর্ম করবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। তাদের সঙ্গে একই মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। তবে কনসার্টটির ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। এর আগে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়েছিল। আগের টিকিটধারীদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।

সবশেষে ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘দ্য আসিম আলী ট্যুর’। স্বদেশ অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিম আজহার। তার সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পাশাপাশি পারফর্ম করবে মডার্নোটাকুও। এই কনসার্টের টিকিটও পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।

সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতাঙ্গনে ব্যস্ত সময় কাটবে। পরপর তিনটি আয়োজনে দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা। এসব কনসার্ট ঘিরে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।