শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অভিনয়ের পর এবার গানে হানিয়া আমির


অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে অভিষেক হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। বুধবার প্রকাশ পেয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’। গানটির কথা ও সুর নিজেই করেছেন এই অভিনেত্রী।

১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ 

অভিনয়ের পর এবার গানে হানিয়া আমির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পাকিস্তানের বিনোদন অঙ্গনে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় হানিয়া আমির। এবার নিজের সৃজনশীলতার নতুন দিক তুলে ধরে সংগীতাঙ্গনে পা রাখলেন তিনি। বুধবার প্রকাশ করেছেন নিজের প্রথম একক গান ‘পাবলো’।

পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটির কথা ও সুর করেছেন হানিয়া নিজেই। গানে উঠে এসেছে তাকে ঘিরে মানুষের নানা মন্তব্য, সমালোচনা ও জনসমালোচনার বিষয়। নিজের সমালোচকদের আত্মবিশ্বাসের সঙ্গে জবাবও দিয়েছেন তিনি।

গানটি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন হানিয়া। এতে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা সমালোচকদের প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি তার অসংখ্য ভক্তের কথাও তুলে ধরা হয়েছে- যারা বিভিন্ন জায়গায় তাকে অনুসরণ করেন।

গানটির বিশেষ আকর্ষণ এর শেষাংশে। সেখানে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। ওই ক্লিপে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্ত হানিয়ার উদ্দেশে বিশেষ বার্তা দেন। রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’ এরপর তিনি হানিয়াকে কোনো ধরনের টেনশন না নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, তিনি ‘স্বর্গের কন্যা’ এবং তার মুখে ‘ঐশ্বরিক আলো’ রয়েছে। হানিয়ার সৌন্দর্যে অনেকে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন রাখি।

এ সময় হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন ভারতীয় এই টিভি তারকা। হানিয়ার গান ও রাখি সাওয়ান্তের এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দুই দেশের বিনোদন অঙ্গনের একটি ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে দেখছেন। প্রথম একক গান ‘পাবলো’র মাধ্যমে অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন হানিয়া আমির। একই সঙ্গে গানটির মাধ্যমে সমালোচকদের উদ্দেশেও দিয়েছেন আত্মবিশ্বাসী বার্তা।

সূত্র: জিও নিউজ