মিরপুরে ডিবির জালে ‘শ্যুটার জাকির’, দুই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় চাপ তৈরি করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। এত দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক চাপ তৈরি করেছে। তিনি বলেন, এখন আর শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রোহিঙ্গা সমস্যার একটি টেকসই ও স্থায়ী সমাধানের জন্য নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক কৌশল পুনর্নির্ধারণ বা ‘রি-ফ্রেমিং’ জরুরি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো নিরাপত্তা, অধিকার ও স্থিতিশীল পরিবেশ তৈরি না হলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে না।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলের অব্যাহত ও কার্যকর সমর্থন প্রয়োজন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়ে না ফেলে। জাতিসংঘসহ প্রভাবশালী দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে সক্রিয় নজর রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, বাংলাদেশের একার পক্ষে দীর্ঘমেয়াদে এত বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের চাপ বহন করা সম্ভব নয়। তাই রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে পরিস্থিতির সমাধান এবং রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
গোলটেবিল বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, দীর্ঘমেয়াদি প্রভাব, বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর চাপ এবং টেকসই সমাধানের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করা হয়।