রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: দুইজন গ্রেপ্তার, বাড়িতেই গোসল-খেজুর খেয়ে ইয়াবা সেবন
২৫ আগস্ট ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
সিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়- সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রীতম হাসান। তবে ব্যস্ততার মাঝেও মঞ্চে সময় দেওয়ার চেষ্টা করছেন এই কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক। এবার সেই ভাবনা থেকেই অংশ নিচ্ছেন ‘মনসুন বিটস’ কনসার্টে।
আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’ নামে এই সংগীত উৎসব। আয়োজনে প্রীতম হাসানের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল। এ ছাড়া কনসার্টে থাকছে ব্যান্ড অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা। ফলে বিভিন্ন ঘরানার শিল্পী ও ব্যান্ডের পরিবেশনায় জমজমাট একটি সংগীত সন্ধ্যার প্রত্যাশা করছেন আয়োজকরা।
‘মনসুন বিটস’ কনসার্টটির আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকরা জানান, সংগীতপ্রেমীদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ভিন্নধাঁচের এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এখানে তারকাশিল্পী ও জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি এ সময়ের আলোচিত কয়েকটি ব্যান্ড, শিল্পী ও মিউজিশিয়ান পারফর্ম করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে কনসার্টটি উপভোগ করতে পারবেন। কনসার্ট খরার এই সময়ে ‘মনসুন বিটস’ সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। এদিকে সিনেমার গানের পাশাপাশি একক গানেও দর্শকের মাঝে সাড়া ফেলেছেন প্রীতম হাসান। তাঁর একক আয়োজন ‘সেকেন্ড নায়ক’ শ্রোতাদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গানটির ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন।
মনজুর অনিকের পরিচালনায় ‘সেকেন্ড নায়ক’ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন দুই অভিনয়শিল্পী মীর রাব্বি ও মালাইকা চৌধুরী। গানের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।
সিনেমা ও ওয়েব কনটেন্টের বাইরে বিজ্ঞাপনেও দেখা গেছে প্রীতম হাসানকে। সম্প্রতি একটি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে অংশ নিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। সব মিলিয়ে গান, অভিনয় ও মঞ্চ- তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। এবার ‘মনসুন বিটস’ কনসার্টে তাঁর পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।