সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস


উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

১৭ আগস্ট ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ 

নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকাসহ ১৫ অঞ্চলে অস্থায়ী ঝড়ের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসটি রাত ১টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ঝড়-বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগরও উত্তাল হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।