মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে এবং ৯ সেপ্টেম্বর শেষ হবে।

৪ আগস্ট ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ 

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এ সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষা শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং বিকেলের শিফটে আরবি ও পালি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে ৫ সেপ্টেম্বর। এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মাধ্যমে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।