রবিবার, ২ আগস্ট, ২০২৬

আগস্টে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা


চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৩ টাকা ২৭ পয়সা বৃদ্ধি পেয়েছে।

২ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ 

আগস্টে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, নতুন দাম এদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা থেকে বেড়ে ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৫৯১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯১০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৯৭ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯১ টাকা থেকে বেড়ে ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৪৬ টাকা থেকে ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৮০১ টাকা থেকে ২ হাজার ৯২৯ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ১৮৩ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩২৯ টাকা হয়েছে।

বিইআরসি আরও জানায়, ৩০ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৫ টাকা, যা আগে ছিল ৩ হাজার ৮১৯ টাকা। ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ২০১ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৪৫৬ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৯৯২ টাকা করা হয়েছে।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। গত মাসে এ দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের পরিবর্তনের ভিত্তিতেই প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য সমন্বয় করা হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করে আগস্ট মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।