অতিরিক্ত সময়ে দুই গোল • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
১৪ জুলাই ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে অবমাননা করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরাসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মদিবসের ব্যস্ত সময়ে এই অবরোধের ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিরাজ করলেও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। উপরন্তু, পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘ফার্মের মুরগি’র মতো অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। এই ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং ধানমন্ডি-নিউমার্কেট সংলগ্ন সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এর প্রভাবে ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর রোড এবং উত্তরা ও বিমানবন্দর সড়ক এলাকায় দেখা দেয় কিলোমিটার দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় বাধ্য হয়ে অনেক যাত্রীকে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হতে দেখা যায়।
অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সায়েন্সল্যাব মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়া রাজধানীর অন্য কোনো এলাকায় নতুন করে সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে অবরোধস্থলে শিক্ষার্থীদের স্লোগান ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।