রবিবার, ৫ জুলাই, ২০২৬

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল


রাজধানীর যাত্রী চাহিদা মেটাতে আগামী ২০২৭ সালের এপ্রিলে মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর বর্ধিত অংশ বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে এই রুটে খালি ট্রেন দিয়ে পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) শুরু হবে। আজ রোববার (৫ জুলাই) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের জুন মাস পর্যন্ত এই সম্প্রসারণ প্রকল্পের সার্বিক কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

৫ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ 

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর যানজট নিরসন ও যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর বর্ধিত অংশ বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এই তথ্য নিশ্চিত করেছেন। বাণিজ্যিকভাবে চলাচলের আগে, আগামী বছরের (২০২৭) জানুয়ারি মাস থেকে এই রুটে খালি ট্রেন নিয়ে পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) শুরু হবে।

প্রকল্প পরিচালক জানান, নিয়মিত যাত্রীসেবার নির্ধারিত সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। দেশের প্রথম এই মেট্রোরেল রুটটি ‘লাইন-৬’ নামে পরিচিত।

কর্মকর্তারা জানিয়েছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণ কাজের বড় অংশই সম্পন্ন হয়েছে।চলতি বছরের (২০২৬) জুন মাস পর্যন্ত পুরো সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে।কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং রঙের কাজ চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং শেষ হয়েছে।প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই মাসের মধ্যে এই বর্ধিত অংশের ট্র্যাক (রেললাইন) স্থাপনের কাজ সম্পূর্ণ শেষ হবে। এছাড়া কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপনের জন্য প্রকল্প এলাকায় নিয়ে আসা হবে।

এক নজরে লাইন-৬: উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছিল। কমলাপুর অংশ যুক্ত হলে এই রুটে যাতায়াত আরও সহজ হবে।