বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বড় ব্যবধানে কমল এলপিজির দাম: ১২ কেজি সিলিন্ডারে স্বস্তি ৩৫৭ টাকা


"ভোক্তাপর্যায়ে বড় ধরনের স্বস্তির খবর দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম এক ধাক্কায় বেশ খানিটা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম এবার ৩৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হতে যাচ্ছে।"

২ জুলাই ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ 

বড় ব্যবধানে কমল এলপিজির দাম: ১২ কেজি সিলিন্ডারে স্বস্তি ৩৫৭ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে এক মাস আগের তুলনায় গ্রাহকদের খরচ কমছে ৩৫৭ টাকা। একই সাথে স্বস্তি এসেছে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা শিথিল হওয়ার পর বিশ্ববাজারে এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম কমতে শুরু করেছে। মূলত সৌদি আরামকোর এই চুক্তি মূল্য বা 'সৌদি সিপি' হ্রাস পাওয়ার কারণেই দেশের বাজারে এই বড় দরপতন ঘটানো সম্ভব হয়েছে। এর আগে গত জুন মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানো হয়েছিল। তবে মে মাসে এর দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।

নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, উৎপাদন, বোতলজাতকরণ থেকে শুরু করে খুচরা বিক্রয়-  সরবরাহ শৃঙ্খলের কোনো স্তরেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা যাবে না। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে।