রবিবার, ১৪ জুন, ২০২৬

৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার


দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে তিনটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

১৪ জুন ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ 

৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে শিল্পায়ন ও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে এক বড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশের পাঁচ জেলায় নতুন করে দুটি ইপিজেড ও তিনটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া প্রস্তাব যাচাই-বাছাই করে এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই নতুন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন আকারে পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জেলা পর্যায় থেকে আসা ১ হাজার ৭২৯টি বিভিন্ন উন্নয়ন প্রস্তাবের মধ্য থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট এই সিদ্ধান্তগুলো স্বল্প (১ বছর), মধ্য (৩ বছর) এবং দীর্ঘ (৫ বছর) মেয়াদি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বর্তমানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) অধীনে দেশে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, আদমজী ও উত্তরা নামের ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এই তালিকায় যুক্ত হচ্ছে আরও দুটি জেলা।

জেলাভিত্তিক প্রস্তাব ও অর্থনৈতিক সম্ভাবনা:

গাজীপুর: পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে বর্জ্য ও পরিবেশ দূষণ কমাতে এবং কৃষিজমি রক্ষা করতে জেলার বিদ্যমান শিল্পকারখানাগুলো একটি নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সহজে জমি পাবেন।

বরিশাল: বরিশাল জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী, নতুন ইপিজেড স্থাপিত হলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য আর ঢাকা বা চট্টগ্রামে ছুটতে হবে না। পদ্মাসেতু চালুর পর ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ এবং পায়রা সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থান পণ্য পরিবহনে বড় সুবিধা দেবে।

বরগুনা: পায়রা বন্দরের নিকটবর্তী হওয়ায় উপকূলীয় এই জেলাটি আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত কেন্দ্র হয়ে উঠতে পারে। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, কৃষি ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়ন হবে।

পিরোজপুর: সদর উপজেলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি সড়কপথে ঢাকা, খুলনা ও বরিশালের এবং নৌপথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত। কাঁচামাল ও শ্রমিকের সহজলভ্যতায় এখানে কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট: ধান, আলু ও ভুট্টার প্রাচুর্য থাকায় এখানে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। বুড়িমারী স্থলবন্দর ও রেলওয়ের বিভাগ বিভাগীয় কার্যালয় থাকায় ভারত-ভুটানের সঙ্গে কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি করা সহজ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার কর্মকর্তারা জানিয়েছেন, ডিসি সম্মেলনের এই উন্নয়ন কার্যক্রমগুলো নিয়ে বিজি প্রেস একটি বিশেষ বই প্রকাশ করছে, যা শিগগিরই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

এদিকে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের বড় ধরনের প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামোগত সংস্কারের কথা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ে তুলতে অর্থনৈতিক শৃঙ্খলার কোনো বিকল্প নেই। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যেই ‘রপ্তানি নীতি’ হালনাগাদ করা হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ সহজ করতে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ হালনাগাদের কাজ চলছে।

আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং প্রাতিষ্ঠানিক জটিলতা কমাতে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেবা প্রদানের দক্ষতা বাড়াতে বিনিয়োগ-সংশ্লিষ্ট ৪টি বড় প্রতিষ্ঠান- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে বিনিয়োগকারীরা একটি একক প্ল্যাটফর্ম বা ওয়ান-স্টপ সার্ভিস থেকে সব ধরনের সেবা দ্রুততার সঙ্গে পাবেন।