আবারও বাড়ল জ্বালানি তেলের দাম: অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটারে বাড়ল ৫ টাকা,
২ জুন ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং নোটিশ জালিয়াতি রোধে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি এবং কিছু কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক এই অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশপূর্বক নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
নির্দেশনায় একটি সুনির্দিষ্ট জালিয়াতির উদাহরণ তুলে ধরে বলা হয়, আজ মঙ্গলবার অবকাশকালীন এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টে বেশ কয়েকটি মামলার এফিডেভিটকৃত মূল আবেদনের টেন্ডার নম্বরের সঙ্গে নোটিশে দেওয়া টেন্ডার নম্বরের স্পষ্ট গড়মিল ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আদালতের দৃষ্টিগোচরে আনার পর, ওই কোর্টে তালিকাভুক্ত অন্যান্য আরও অনেক মামলার ক্ষেত্রেও একই অনিয়ম পরিলক্ষিত হয়।
কর্তৃপক্ষ জানায়, কোনো অসৎ উদ্দেশ্যে বা অনৈতিক সুবিধা গ্রহণের জন্য এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। জালিয়াতি ও গড়মিল ধরা পড়ার পর আদালত আজ তাৎক্ষণিকভাবে কার্যতালিকা (কজ লিস্ট) থেকে ২৯, ৩০, ৩২, ৩৯, ৪৩, ৪৪, ৪৯, ৫৩, ৫৮, ৬০, ৬১, ৮৩, ১১১, ১১২, ১৮০ ও ১৮৪ নম্বর আইটেমগুলো ডিলিট (বাদ) করেন।
এ ছাড়াও দায়েরকৃত বিভিন্ন মামলায় শনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরকারী আইনজীবীদের নামের মধ্যেও বৈপরীত্য লক্ষ্য করা গেছে। এর ফলে কোনো মামলায় প্রকৃতপক্ষে কোন আইনজীবী নিয়োজিত আছেন, তা শনাক্ত করা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষে দুরূহ হয়ে পড়ে। কতিপয় ব্যক্তির এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ ও দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অহেতুক বিব্রত ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
পাঁচটি জরুরি নির্দেশনা: বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল অফিস নোটিশ প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত ৫টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা আগামী ১৪ জুন থেকে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে:
১. আইনজীবী অভিন্ন হওয়া: মূল পিটিশনে (আবেদন) শনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরকারী আইনজীবী একই ব্যক্তি হতে হবে।
২. সময়সীমা নির্ধারণ: কোনো মামলার এফিডেভিট সম্পন্ন করার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে।
৩. স্পষ্টতা: অ্যাটর্নি জেনারেল অফিসে জমাকৃত নোটিশে টেন্ডার নম্বরটি অবশ্যই স্পষ্টাক্ষরে টাইপকৃত হতে হবে।
৪. নথির অনুলিপি: এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের ফটোকপি এবং ওকালতনামা’র উভয় পৃষ্ঠাসহ অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জমা দিতে হবে।
৫. আদালত পরিবর্তনের নিয়ম: কোনো আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভুক্ত করার ক্ষেত্রে, অ্যাটর্নি জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিলকৃত মামলার নোটিশের একটি অনুলিপি (কপি) সংযুক্ত করতে হবে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় আশা প্রকাশ করেছে যে, এই ৫ দফা নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে উচ্চ আদালতে নোটিশ সংক্রান্ত জালিয়াতি ও অনিয়ম সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।