বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

র‍্যাবের নাম বদল হতে পারে, আসছে নতুন আইন: জাহেদ উর রহমান


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগের কাঠামোয় র‍্যাব আর থাকছে না এবং বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে। মানবাধিকার সমুন্নত রেখে আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে সরকার নতুন আইন প্রণয়নের কাজ করছে বলেও জানান তিনি।
র‍্যাবের নাম বদল হতে পারে, আসছে নতুন আইন: জাহেদ উর রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এক অর্থে আগের মতো র‍্যাব আর থাকছে না, এমনকি বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। জাহেদ উর রহমান বলেন, গতকাল ছিল র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান, র‍্যাব বিলুপ্তির যে দাবি আগে উঠেছিল, বাস্তবে এখন বাহিনীটি আগের কাঠামোয় থাকছে না।

তিনি বলেন, “গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র‍্যাবের জন্য নতুন একটি আইন হবে। র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে আবারও বলছি, সেইভাবে র‍্যাব থাকছে না। নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।” তবে নাম পরিবর্তনের বিষয়টি এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, “সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। নতুন আইন প্রণয়নের জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। রাষ্ট্রে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। তবে সেই বাহিনীকে মানবাধিকারসম্মত, জবাবদিহিমূলক ও আধুনিক কাঠামোর মধ্যে পরিচালিত হতে হবে।

বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, “একটি এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামে বা ভিন্ন নামে হোক। তবে সেটির কার্যক্রম ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত একটি আইনের আওতায় পরিচালিত হবে।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বিএনপি র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল। অন্যদিকে, সোমবার র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।