নতুন যুগের শুরু • বলিভিয়াকে উড়িয়ে নতুন যুগের সূচনা, নিকো পাজে মুগ্ধ আর্জেন্টিনা।
১৪ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। তবে তিনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানিয়েছেন। মঙ্গলবার (১২ মে) দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
অভিনেতা বলেন, “আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম।” তবে মনোনয়নপত্র চাওয়ার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ করে না বলেও মনে করেন তিনি। তার ভাষায়, “আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না। কারণ ওতপ্রোতভাবে আমি প্রফেশনালি কোনো পলিটিশিয়ান না।”
নিজের পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, “দিনশেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান।” নাগরিক হিসেবে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যেকোনো অভিযোগ প্রত্যাখ্যান করে সিদ্দিকুর রহমান বলেন, “আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না। আমি কারো কোনো ক্ষতি চাইনি। আমার দ্বারা কারো ক্ষতি হয়নি। বরং আমি মানবতার সেবক হতে চেয়েছি। সেবকের জায়গা থেকে আমি কথা বলেছি।”
আওয়ামী লীগের মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে অনুতাপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক অবস্থান থেকে কথা বলার কারণেই এখন তার অনুশোচনা রয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিষয়টি উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি যেহেতু তাদের সমর্থিত একটা মানুষ, আমার মনে হয় কার্যক্রম নিয়েও আমার কথা বলা উচিত না। কারণ সেটাও নিষিদ্ধ। অতএব আমি সেই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে চাই না। এটা আসলে যারা প্রফেশনালি রাজনীতি করেন তাদের জন্য। আমি এখনো প্রফেশনাল রাজনীতিক না।”