বুধবার, ১৩ মে, ২০২৬

‘বেলা চাও’ আবারও বাজবে, ফিরছে ‘মানি হাইস্ট’ ইউনিভার্স


বিশ্বজুড়ে আলোড়ন তোলা স্প্যানিশ সিরিজ মানি হাইস্ট আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ‘মানি হাইস্ট’ ফ্র্যাঞ্চাইজির নতুন প্রজেক্টের। তবে এটি মূল সিরিজের ষষ্ঠ সিজন নাকি নতুন কোনো স্পিন-অফ-তা এখনো স্পষ্ট করা হয়নি।
‘বেলা চাও’ আবারও বাজবে, ফিরছে ‘মানি হাইস্ট’ ইউনিভার্স
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্পেনের সাধারণ একটি টিভি সিরিজ থেকে বিশ্ব কাঁপানো পপ-কালচার আইকনে পরিণত হওয়া ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ আবারও ফিরছে পর্দায়। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।‘বেলা চাও’ গানের সুর যে এখনই থামছে না, সেটি এখন প্রায় নিশ্চিত। তবে ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন- এবার কি আসছে ‘মানি হাইস্ট’-এর ষষ্ঠ সিজন, নাকি তৈরি হচ্ছে নতুন কোনো স্পিন-অফ?

সিরিজটিতে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা আলভারো মোর্তে নিজেই এই ফেরার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি নতুন প্রজেক্টের খবর প্রকাশ করেন।

আগামী ১৫ মে নেটফ্লিক্স -এ মুক্তি পেতে যাচ্ছে Berlin সিজন ২ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করে নেটফ্লিক্স ক্যাপশনে লিখেছে, “Bella Ciao is still playing. The Money Heist universe will continue.”

নতুন এই প্রজেক্টে কী থাকছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি নেটফ্লিক্স। তবে স্প্যানিশ সংবাদপত্র‘এল পাইস’ - এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির স্রষ্টা অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে চার পর্বের একটি মিনি-সিরিজ নিয়ে কাজ করছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই মিনি-সিরিজের কেন্দ্রীয় চরিত্র হতে পারেন কর্নেল তামায়ো, যিনি মূল সিরিজে অভিনয় করেছিলেন (ফার্নান্দো কায়ো)। তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি আসলে কর্নেল তামায়োর গল্প ঘিরে, নাকি প্রফেসরের টিমের নতুন কোনো মিশনের ইঙ্গিত-তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে রয়েছে।

একসময় স্পেনে প্রায় বাতিলের খাতায় চলে যাওয়া এই সিরিজটি নেটফ্লিক্সে যুক্ত হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ইতোমধ্যে এর স্পিন-অফ বার্লিন, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেমও মুক্তি পেয়েছে। বিদ্রোহের প্রতীক হয়ে ওঠা লাল জাম্পসুট ও ডালি মাস্ক আবারও স্ক্রিনে দেখতে মুখিয়ে আছেন বিশ্বের কোটি কোটি দর্শক।