মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের


মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। পেসার নাহিদ রানা-র বিধ্বংসী বোলিংয়ে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অবশেষে অপেক্ষার অবসান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টাইগাররা।

২৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ১৬৩ রানে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা, তাসকিন আহমেদতাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন নাহিদ রানা।

ইনিংসের শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তিনি। ৫ বলে ২ রান করে কট বিহাইন্ড হন পাকিস্তানি এই ব্যাটার। অপর ওপেনার আজান আওয়াইস করেন ১৫ রান এবং অধিনায়ক শান মাসুদ ফেরেন মাত্র ২ রান করে।

৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১১৯ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফজল। ১১৩ বলে ১১টি চারে ৬৬ রান করেন তিনি। পরের ওভারেই সালমান আগাকে ফেরান তাসকিন। তার ব্যাট থেকে আসে ২৬ রান।

এরপরই ম্যাচে পুরো নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিলকে টানা দুই ওভারে ফিরিয়ে দেন নাহিদ রানা। দুজনই করেন ১৫ রান করে। পরে হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

শেষদিকে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই জুটি ভেঙে দেন নাহিদ রানা। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ১০৪ রানের ঐতিহাসিক জয়। এর আগে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ রান করে আউট হন। এছাড়া মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪ এবং তাসকিন আহমেদ ১১ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে লিড বাড়িয়ে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয়।