মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ, ঈদে থাকবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী


সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ, ঈদে থাকবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

মঙ্গলবার (১২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটগুলোতে সিসিটিভি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ হটলাইন চালু থাকবে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে ১৬৬১১৩ নম্বরে ফোন দিয়ে জানানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন মনিটরিং সেল চালু থাকবে। ওই সেল থেকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। এছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।