অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন এই ব্যবস্থার আওতায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ক্যামেরায় ধরা পড়লেই ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। পরে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হবে।
ঢাকা মহানগর পুলিশ-এর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, সড়কে আইন অমান্য করলেই এখন থেকে অটো মামলা রেকর্ড হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে, অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। এর আগে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এ প্রযুক্তি চালু করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ পার্কিং, লাল সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্তে ভিডিও ও ছবি প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিসি ক্যামেরার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করতে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। কোনো প্রতারণামূলক বার্তা বা ফোনকল পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে ইতোমধ্যে এআই-সমর্থিত ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন প্রক্রিয়া সম্পন্ন করছে।