বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের


প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজ জিতে নিল বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজ-এর দল।

২৩ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ 

নিউজিল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিরিজের শুরুটা ছিল হতাশার। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দে ভাসল স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন লিটন দাসনাজমুল হোসেন শান্ত। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। লিটন ৭৬ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ইনিংস খেলেন শান্ত। তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়ে ১০৫ রানে থামেন। ১১৯ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমান-এর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস। এরপর উইল ইয়ং ও কেলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

একপ্রান্তে দাঁড়িয়ে কেলি লড়াই চালিয়ে গেলেও মোস্তাফিজের বলে ৫৯ রানে আউট হলে কিউইদের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। এরপর যেন বোলিং ঝড় তোলেন মোস্তাফিজ। একে একে টপ ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়ে তিনি পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন- যা তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার।

শেষ দিকে ডিন ফক্সক্রফট কিছুটা প্রতিরোধ গড়লেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৪৪ ওভার ৫ বলে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে ৫৫ রানের জয়ে ম্যাচের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয়ে দারুণভাবে সিরিজে ফিরে আসার পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেল টাইগাররা।